বরিশাল মেইল ডেস্ক
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ‘২০০৮-২৪ পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজ এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এখন জনগণের দাবি একটাই, আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) জঞ্জাল পরিষ্কার করুন। কিন্তু জনপ্রতিনিধিদের সুযোগ দিন, যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করবে। তাই অনতিবিলম্বে নির্বাচনের একটি রোডম্যাপ দিন।
ইলিশ মাছ তো পাঠালাম উল্লেখ করে জয়নুল আবদীন ফারুক বলেন, আরো বেশি পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারতো। বন্ধুবর ভারতকে আমরা প্রতিদিন বলে যাচ্ছি, বাংলাদেশের মানুষ আপনাদের কাছে গণতান্ত্রিক অধিকার, আপনাদের দেশের মতো নির্বাচন আশা করেছিল। কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে, এমন এক দলকে সহযোগিতা করেছেন, যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে। সকল নির্বাচনকে কুক্ষিগত করেছে। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকরীদের গুলি করে মেরেছে।কেড়ে নিয়েছে মানুষের কথা বলার অধিকার। আপনাদের উচিত শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো।
এখনো আবু সাঈদ, খোকন ও মুগ্ধর রক্তের গন্ধ নাক থেকে যায়নি উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে আওয়ামী লীগের দুঃসহচর আমাদের প্রিয় খাগড়াছড়ি, রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই ভারতকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারে না। আমরা আশা করেছিলাম, শেখ হাসিনাকে আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন। কিন্তু সেই বিশ্বাস এখনো অর্জন করতে পারেননি। যদি বাংলাদেশ ও মানুষকে ভালোবাসেন তাহলে আপনাদের উচিত বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে, তাদের এক এক করে হস্তান্তর করা।



