নিজস্ব প্রতিবদেক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘গত ১৫ বছর দুর্গাপূজায় সরকারের অনুদান ছিল দুই কোটি টাকা, সরকার সেখান থেকে বাড়িয়ে এবার পাঁচ কোটি টাকা করেছে।’
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার চার কোটি টাকা অনুদান দিয়েছিল। এবার আরো এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।
উপদেষ্টা বলেন, ‘এবার পূজা গতবারের চেয়ে উৎসবমুখর পরিবেশে হবে। পূজা নির্বিঘ্নে উদ্যাপনের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের সহায়তায় যেকোনো অঘটন বা ঘটনার তথ্য তাৎক্ষণিক সরকারের কাছে চলে আসবে।’
তিনি বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর পূজামণ্ডপের সংখ্যাও বেড়েছে।’ পূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি উদ্যাপন কমিটির প্রতিও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।



