বরিশাল মেইল ডেস্ক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে এ সড়ক অবরোধ করেন তারা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত রাস্তা যানজটে স্থবির হয়ে আছে। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিরঝিলের আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত ছয় দফা দাবিগুলো হলো–
- ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।
- উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
- কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে হবে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে জানান তিনি।



