ডেস্ক রিপোর্টঃ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রপন্থী একটি গোষ্ঠীর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে এ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।
ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, ভারতীয় দূতাবাস কেন্দ্রিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলশান এবং প্রগতি সরণি থেকে দূতাবাসমুখী সড়কে বসানো হয়েছে নতুন তল্লাশি চৌকি। যদিও এসব চৌকি সাধারণ সময়েও থাকে, তবে বর্তমানে আরও কঠোর নজরদারি চলছে।
ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, কোনো বিশেষ নিরাপত্তা শঙ্কা না থাকলেও আগরতলার ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দূতাবাসের সামনের পাশাপাশি আশপাশের এলাকায় নিয়মিত টহল বাড়ানো হয়েছে।
এদিকে আগরতলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এ ঘটনার প্রতিবাদে নানা সংগঠন এবং সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এমন পদক্ষেপ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সহায়ক হবে।



