গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
লুকিয়ে মাদক পরিবহনকালে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা মা ফিলিং স্টেশনের সামনে থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীর (৪০) নামে এক পিকআপ চালককে আটক করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। আটককৃত শাহআলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আটক মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক সুদেব বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



