বরিশাল মেইল ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ার্স কারখানায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এদিন বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সদস্যরা কারখানাটি পরিদর্শন করেন। এদিকে নিখোঁজদের সন্ধানে কারখানার সামনে অপেক্ষা করছেন স্বজনরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান বলেন, আমি ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন- ভবনের ৪, ৫ ও ৬ তলার ফ্লোরটি ধসে গেছে এবং এখনও আগুন রয়েছে। এ মুহূর্তে উদ্ধার কার্যক্রম সম্ভব নয়।
হামিদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে টেকনিশিয়ানরা আমাদের মতামত দেবে। এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাতে পারবেন কিনা তা জানাবেন। নয়তো আমরা জাতীয় সাপোর্টের জন্য সুপারিশ জানাবো যে এটা লোকালি করা সম্ভব নয়। আমরা আশা করি ১০ দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দিতে পারব।
নিখোঁজদের বিষয়ে তিনি বলেন, নিখোঁজদের নাম-ঠিকানা তালিকা করে রাখা হচ্ছে। কয়জন ভেতরে ছিল বা কয়জন মারা গেছেন আমরা সঠিকভাবে বলতে পারছি না। ফায়ার সার্ভিসের যে ড্রোন, সে ড্রোন দিয়ে তারা দেখেছেন। লাশ কিন্তু দেখেননি। আমরা ধারণা, যেভাবে ক্যামিকেল পোড়ানো হয়েছে লাশ থেকে থাকলেও ওইভাবে আর পাওয়ার সম্ভাবনা নেই। কারণ ২১ থেকে ২২ ঘণ্টা আগুন জ্বলেছে। এই সময়ে লাশের কিছু পাওয়ার মতো অবস্থা নেই।
তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতাও নেওয়া হবে। ভেতরে কী হয়েছে বা বর্তমানে কী অবস্থায় আছে তা উদ্ঘাটনের চেষ্টা করবো।
হামিদুর রহমান আরও বলেন, শতাধিকের বেশি লোক ভেতরে ছিল বলে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। তবে, যারা নিখোঁজ রয়েছেন, স্বজনদের পক্ষ থেকে তাদের নাম-ঠিকানা তালিকা করা হচ্ছে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এসময় উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির সদস্য নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের উপ-ব্যবস্থাপক রাজিব চন্দ্র ঘোষ, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মঞ্জুর আজিজ, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ-১ এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন, নারায়ণগঞ্জ-২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল।
গত রোববার রাতে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের আজ পর্যন্ত কারখানার ভেতরে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ছয়তলার ভবন থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। চতুর্থ ও পঞ্চম তলায় ঢোকা যাচ্ছে না। সেখানে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে এবং ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। রোববার ভোরে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার হয়েছেন গোলাম দস্তগীর গাজী।



