― Advertisement ―

গাজায় ইসরায়েলি বর্বরতার ২ বছর আজ, ৬৭ হাজার ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২০২৩ সালের এই দিনে (৭ অক্টোবর) দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার দুই বছর পূর্ণ হলো আজ। সেই থেকে ইসরায়েলি বর্বরতা এখনো অব্যাহত আছে গাজায়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলের বিমান ও স্থল হামলায়। আহত প্রায় এক লাখ ৭০ হাজার মানুষ। শুধু বিমান ও স্থল অভিযান নয়, ওই দিন থেকেই গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরোধ করে রেখেছে ইসরায়েল। ফলে খাদ্য, পানি, ওষুধ ও ত্রাণের তীব্র ঘাটতিতে ভয়াবহ ক্ষুধা ও মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে প্রায় ২৩ লাখ মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই অভিযানকে ইসরায়েল ‘হামাস নির্মূলের যুদ্ধ’ বলে দাবি করলেও বাস্তবে তা পরিণত হয়েছে এক দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞে। দুই বছরের অব্যাহত বোমা হামলায় গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিশ্চিহ্ন হয়েছে অসংখ্য বসতি, হাসপাতাল ও স্কুল সহ বিভিন্ন স্থাপনা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী (৩ সেপ্টেম্বর পর্যন্ত) নিহতদের মধ্যে ১৯ হাজার ৪২৪ জনই শিশু। যা তখনকার মোট ৬৪ হাজার ২৩২ মৃত্যুর ৩০ শতাংশ। ৬ অক্টোবর পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৬০ জনে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিটসেলেম–এর তথ্য অনুযায়ী, ২০০৫ সালের পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যত সংঘর্ষ হয়েছে, তার সবকটির চেয়ে এই যুদ্ধের নিহতের সংখ্যা বহু গুণ বেশি।