আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তেনের গাজায় হামাসের কাছে থাকা জিম্মি ইসরায়েলিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। একজন কর্মকর্তা বলেছেন, সমঝোতা অনুযায়ী আইডিএফ জিম্মি হস্তান্তর ও ফেরত আনার প্রস্তুতি নিয়েছে।
প্রথম দফায় হামাসের কাছে থাকা জিম্মিদের মধ্যে মুক্তি পেয়েছেন ৭ জন। তাদের গাজায় রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে।
গাজা যুদ্ধবিরতি নিয়ে হওয়া সমঝোতা অনুযায়ী, হামাস ৪৮ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ২০ জন জীবিত আছে বলে মনে করা হয়।
গাজার উত্তরাঞ্চলে স্থানীয় সময় সকাল আটটায় জিম্মি হস্তান্তর শুরু হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনী এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, মুক্তি পাওয়ার পর জিম্মিদের ফিরিয়ে আনার জন্য দুটি হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।
জেরুজালেম থেকে সাংবাদিক টম বেনেট জানিয়েছেন, হামাসের হাত থেকে জিম্মিদের গ্রহণের জন্য গাজার উত্তরাঞ্চলের রয়েছে রেড ক্রস। সেখানেই তাদের হেফাজতে জিম্মিদের দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।
এরপর রেডক্রস তাদের গাজার একাংশে নিয়ে যাবে যে এলাকাটি ইসরায়েলি আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। জিম্মিদের নেওয়া হবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রেইম সামরিক ঘাঁটিতে। সেখানেই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন। সেখান থেকে তাদের পরিক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।
সূত্র: বিবিসি



