― Advertisement ―

গভীর রাতে মাঝনদী থেকে ৯৯৯-এ ফোন, ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে ঘন কুয়াশায় পথ হারানো একটি যাত্রীবাহী ফেরি দুইশ যাত্রীসহ উদ্ধার করেছে নৌ পুলিশের একটি দল। শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে মেঘনা নদী থেকে ফেরিটি উদ্ধার করা হয়।

জানা যায়, বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিটি ঘন কুয়াশার কারণে ভুল পথে প্রায় দুই কিমি পথ চলে যাওয়ার পর নূর আলম নামের একজন যাত্রী জাতীয় জরুরি পরিসেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। ফেরিটির গন্তব্য ছিল নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাট।

নূর আলম জানান, ঘন কুয়াশার কারণে নদীতে সঠিক পথ নির্ণয় করা তাদের জন্য অসম্ভব ব্যাপার ছিল। তিনি আরো জানান, ফেরিতে রোগীসহ অ্যাম্বুল্যান্স, বরযাত্রীর গাড়িসহ প্রায় দুইশ যাত্রী ছিল। এ অবস্থায় তিনি ফেরিটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণের জন্য ৯৯৯ ফোন দিয়ে অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল তৌহিদুল ইসলাম এবং কলার ও উদ্ধার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মানান।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এবং সড়ক ও জনপদের ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের একটি দল উদ্ধার কাজে নিয়োজিত হয়। অবশেষে যৌথ উদ্ধার প্রচেষ্টায় ফেরিটি উদ্ধার করে নিরাপদে আড়াইহাজার বিষনন্দী ফেরিঘাটে পৌঁছে দেওয়া হয়। ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।