আন্তর্জাতিক ডেস্ক
অবশেষে ওমরাহ পালনে ভিসা জটিলতার অবসান করেছে সৌদি আরব। দেশটি ঘোষণা দিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।
তারা বলছে, ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মুসলমানদের শান্তিপূর্ণ ও সহজভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ সৃষ্টি হলো।
যারা সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে ও ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন।



