আন্তর্জাতিক ডেস্ক
এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার এই রাজনীতিককে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি সরূপ এ বছর শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তিনি সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সাহসিকতার অনন্য এক উদাহরণ হিসেবে আবির্ভূত হন।
নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস বলেছেন, মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন। মাচাদো ২০ বছর আগে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার বিরোধীদলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মারিয়া কোরিনা। দেশটির বিরোধী দলগুলোর মধ্যে একসময় ব্যাপক বিভাজন ছিল। তবে মুক্ত ও অবাধ নির্বাচন এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের দাবিতে বিরোধী শক্তি মারিয়া করিনার নেতৃত্বে এক কাতারে শামিল হয়েছিল।



