নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। ভোটের সময় শুরু হবার আগে থেকেই কেন্দ্রগুলোর বাইরে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিচ্ছে ভোটাররা।

নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজারের বেশি সদস্য। ভোট শুরুর আগেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সব কয়টি প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। বৈধ আইডি কার্ড ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নীলক্ষেত মোড়ের প্রবেশপথে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
এদিকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ চক্রাকার শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটারদের সহজ যাতায়াত নিশ্চিত করতে আজ সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে।
এবার ভোটারদের মোট সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

এবারের ডাকসু নির্বাচনে প্রতি ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদ মিলিয়ে মোট ৪১টি পদে ভোট দেবেন।
উল্লেখ্য, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে। এটি বাংলাদেশের স্বাধীনতার পর অষ্টম ভোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৮ তম ভোট।



