বিশেষ প্রতিনিধি: ডিপ্লোমাধারী কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ আট দফা দাবিতে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শ্রেণি পাঠদান ও পরীক্ষা বর্জন করে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন।
গত রোববার থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ক্যাম্পাসে এই আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হলো,ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ; উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি; কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর; কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ( ডিএই) অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করতে হবে; সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা; ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন; কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান; উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা।
আন্দোলনরত শিক্ষার্থী মো. কাউসার মাহমুদ জানান, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে ততদিন এ আন্দোলন চলমান থাকবে। শুধু আশ্বাসের বাণী দিলেই হবে না, আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে।
শিক্ষার্থীরা জানান, গত বছর ৫ আগস্টের পর থেকেই এ দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এমনকি বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও প্রদান করেছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই।
এসময় সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ ফারহান শাকিল, মইন বিন মোয়াজ্জেম, তামিম ইকবাল, শাহাদাত হোসেন।
এ ব্যাপারে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের বিষয়টি সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এখানে আসলে আমাদের কিছুই করার নেই।
বিএম/জ/রা



