জ্যেষ্ঠ প্রতিবেদক:
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত শাহবাগ অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (৯মে) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনের সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে সাধারণ ছাত্র জনতার একটি মিছিল শাহবাগের দিকে যায় এবং শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন।
সমাবেশে হাসনাত বলেন, ‘ইন্টিরেম সরকার আমাদের দাবি মানে নাই। তাদের কানে আমাদের দাবি পৌঁছে নাই। তাই আমরা ব্লকেট দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে ছাড়বো। আজ থেকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত শাহবাগ ব্লকেট (অবরুদ্ধ) থাকবে।

এদিকে এই ঘোষণার পর থেকেই ঢাকা ও এর আশপাশের এলাকাগুলো থেকে মিছিল নিয়ে শাহবাগে যুক্ত হচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। ফলে শাহবাগে বেড়েই চলেছে আন্দোলনকারীর সংখ্যা।
গাজীপুর এর কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন জামাত সেক্রেটারি মো. শামীম বলেন, ‘আমি গাজীপুর থেকে আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে এসেছি। আমরা চাই এই দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি বন্ধ করা হোক। এই দেশে তাদের আর কোন স্থান নাই। তারা নিরীহ মানুষ মেরেছে। নিরীহ মানুষকে শান্তিতে ঘরে থাকতে দেয় নাই। এই দেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের নিষিদ্ধ করতে হবে। না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

টাঙ্গাইল থেকে আসা সুজন মিয়া বলেন, ‘আমরা জুলাই যোদ্ধা। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা স্বাধীনতা পেয়েছি। তারা আমাদের দুই হাজারের বেশি ভাইকে হত্যা করেছে। অগণিত আহত হয়েছে, তাদের অনেকেই এখনো হাসপাতালে কাতরাচ্ছে। নয় মাস পার হল, অথচ এখনো এই খুনি দলকে নিষিদ্ধ করা হয় নাই। এটা মেনে নেওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘ইউনূস স্যার কেন এটা নিয়ে কালক্ষেপণ করছে সেটা বুঝিনা। ইউনুস স্যারকে আমরা বলতে চাই, আওয়ামী লীগ সরকার পতন না হতো, তাহলে ইউনুস স্যারকে আজকে জেলে থাকতে হতো। হাসিনা যেভাবেই হোক তাকে জেলে পাঠাতো। তারও উচিত আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত এই খুনি দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া।’



