অধিকৃত পশ্চিম তীরের ‘ই-ওয়ান’ (E1) এলাকায় ইসরায়েলের নতুন বসতি স্থাপন পরিকল্পনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ফিলিস্তিনিদের স্বাধীন ও সার্বভৌম অধিকারের প্রতি বাংলাদেশের অকৃত্রিম সমর্থনের কথা ফের পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করায় তাকে উষ্ণ শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনের নিপীড়িত জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা ও তাদের দীর্ঘদিনের সংগ্রামের প্রতি বাংলাদেশের অবিচল ও দৃঢ় সংহতি প্রকাশ করেন। গাজায় বর্তমান নির্মম মানবতা বিরোধী পরিস্থিতি এবং সেখানকার সার্বিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি ও আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক জোরালো অবস্থানের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়েও দুপক্ষ একমত পোষণ করেন।



