রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্ল্যাটফর্মে মালয়েশিয়ার কার্যকর ও জোরালো ভূমিকা চেয়েছে বাংলাদেশ। দীর্ঘদিনের এই মানবিক সংকট বাংলাদেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস এবং ‘মালয়েশিয়া ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এ আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. আবদুল মঈন খান ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া সফর এবং সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৩০০ কোটি ডলার বা ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। উন্মুক্ত বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, বৈদ্যুতিক যানবাহন এবং উচ্চপ্রযুক্তির খাতে এই সহযোগিতা প্রসারিত করার ব্যাপক সুযোগ রয়েছে।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করার ওপর জোর দিয়ে ড. মঈন খান বলেন, অসাধু সিন্ডিকেট যাতে চাকরিপ্রত্যাশী মানুষকে শোষণ করতে না পারে, সেজন্য উভয় দেশকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মালয়েশিয়ার হাইকমিশনার মোহা. শুহাদা ওসমান বলেন, ১৯৭২ সালে বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দেওয়ার পর থেকে তৈরি হওয়া এই দ্বিপক্ষীয় বন্ধন আজ অত্যন্ত পরিপক্ক। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৩০০ কোটি ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত করেছে। ২০২৭ সালের মধ্যে দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের লক্ষ্য নিয়ে আলোচনা এগিয়ে চলছে।
হাইকমিশনার আরও জানান, মালয়েশিয়ায় বর্তমানে ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং দেশের অর্থনীতি নির্মাণে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। এর পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, সেমিকন্ডাক্টর, হালাল শিল্প, স্বাস্থ্য পর্যটন (MYMT 2026), আসিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং আরসিইপি (RCEP)-তে বাংলাদেশের যোগদানের বিষয়ে মালয়েশিয়া সার্বিক সমর্থন অব্যাহত রাখবে।



