যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে পৃথক বন্দুক হামলায় এক কিশোরসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলার সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। হামলায় আহত এক কিশোরী বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) এসব গুলির ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে গেলে তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে মিসকাউকি কাউন্টির একটি জঙ্গল এলাকায় সন্দেহভাজনের মরদেহ উদ্ধার করা হয়। একই স্থানে তার এক ভুক্তভোগীর মরদেহও পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, নিহত সন্দেহভাজনের নাম চ্যাড হিকম্যান, বয়স ৩৯ বছর। শনিবার (১৫ আগস্ট) কর্তৃপক্ষ নিহতদের বয়স ও লিঙ্গ প্রকাশ করলেও তারা পরস্পরের আত্মীয় কি না কিংবা সন্দেহভাজনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল কি না, তা জানানো হয়নি।
পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যাশলি মিলার এক বিবৃতিতে বলেন, এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের জন্যও এটি একটি কঠিন পরিস্থিতি।
হামলায় বেঁচে যাওয়া কিশোরীকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্য ও নিহতদের সঙ্গে সন্দেহভাজনের সম্পর্কের বিষয়ে তদন্ত চলছে।



