― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার: ১৪ ঘণ্টা পর সচল ফিলিং স্টেশনগুলো

প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সিলেট বিভাগে চলমান অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সফল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর থেকে সিলেটের সকল ফিলিং স্টেশন ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে পুনরায় জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘হয়রানি’ ও জরিমানার প্রতিবাদে বুধবার রাত ১২টা থেকে এই ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

ধর্মঘটের কারণে বুধবার রাত থেকেই সিলেটের পরিবহন খাতে স্থবিরতা নেমে আসে। পাম্পগুলো বন্ধ থাকায় জ্বালানি সংগ্রহ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহনের চালকরা। বিভিন্ন স্টেশনে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে চালক ও পাম্প কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি মজুত করার যে প্রবণতা তৈরি হয়েছে, তার মাঝে পাম্প বন্ধ থাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে যে, এখন থেকে অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হয়রানি করা হবে না। তিনি আরও উল্লেখ করেন যে, ডিপোতে বিজিবি এবং পাম্পে পুলিশ মোতায়েনের ফলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিল, যা আলোচনার মাধ্যমে নিরসনের পথ তৈরি হয়েছে। ভবিষ্যতে যেকোনো সমস্যা যৌথভাবে সমাধানের অঙ্গীকার করেছে উভয় পক্ষ।

দুপুর ২টার পর থেকে সিলেটের সোবহানীঘাটসহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর তেল ও গ্যাস পেয়ে চালকদের মাঝে স্বস্তি ফিরেছে। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে তারা নিয়মিত তদারকি চালিয়ে যাবে, তবে তা হবে নিয়ম মেনে এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে।