ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে বিএনপিকে দমন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আবেগঘন মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সম্মানে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে তারেক রহমান দলের নেতাকর্মীদের ত্যাগের প্রশংসা করে বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শত বাধা ও নির্যাতনের মুখেও বিএনপির কর্মীরা রাজপথ ছাড়েনি। কৌশলের নামে তারা কখনও ‘গুপ্ত বা সুপ্ত’ বেশ ধারণ করেনি, বরং বুক চিতিয়ে লড়াই করেছে। তিনি বিশ্বাস করেন, যে দলের কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এমন আপসহীন, তাদের দমিয়ে রাখা কারো পক্ষেই সম্ভব নয়।
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র এই শহীদ ও নিখোঁজদের ত্যাগ কখনও ভুলতে পারে না। বিএনপি ভবিষ্যতে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদদের স্মৃতি অম্লান রাখতে দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা তাদের নামে নামকরণের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সমালোচনা করলেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে যারা বিভিন্ন উছিলায় বিতর্ক তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান।


