― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনে আনসার সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কঠোর পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

গাজীপুরের শফিপুরে আজ সোমবার (১২ জানুয়ারি) এক বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। উপদেষ্টা জানান, নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরণের ব্যক্তিগত প্রভাব বা রাজনৈতিক পক্ষপাতের সুযোগ নেই।

পরিসংখ্যান অনুযায়ী, আগামী নির্বাচনে দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সদস্য মোতায়েন থাকবে। সব মিলিয়ে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য সরাসরি নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত হবেন।

নিরাপত্তা কাঠামো ব্যাখ্যা করে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী সদস্য থাকবেন, যার মধ্যে একজন সার্বক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের সাথে যুক্ত থাকবেন।

এছাড়া ৯ জন পুরুষ ও নারী সদস্য অস্ত্রবিহীন অবস্থায় শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকবেন। অতিরিক্ত শক্তি হিসেবে সারাদেশে ১ হাজার ১৯১টি স্ট্রাইকিং ফোর্স টিম কাজ করবে, যেখানে প্রায় ১২ হাজার সদস্য থাকবেন।

উপদেষ্টা উল্লেখ করেন যে, এই বিশাল কর্মযজ্ঞের জন্য ২০২৫ সালের আগস্ট থেকেই প্রস্তুতি শুরু করেছে বাহিনীটি। আধুনিক সফটওয়্যারের মাধ্যমে সাড়ে চার লাখ সদস্যের তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে এবং কয়েক লাখ সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

নবীন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতি হচ্ছে দেশের অগ্রগতির প্রধান অন্তরায়। তাই কর্মজীবনে প্রবেশের শুরু থেকেই সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে ডিজিটাল ব্যবস্থাপনা ও ‘সঞ্জীবন’ প্রকল্পের মতো নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

শফিপুরে আজ ৪১তম বিসিএস আনসার কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ব্যাচের ৩ হাজার ২৩৭ জন সদস্যের পাসিং আউট সম্পন্ন হয়, যা বাহিনীর ইতিহাসে একটি নতুন রেকর্ড। পরিশেষে উপদেষ্টা চারজন কৃতি সদস্যকে তাদের শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কৃত করেন।