― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বছরের প্রথম দিন সব বই পাচ্ছেনা মাধ্যমিকের শিক্ষার্থীরা

আজ ২০২৬ সালের প্রথম দিন। নতুন শিক্ষাবর্ষের শুরুতে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে যাওয়ার কথা থাকলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হচ্ছে না।

মাধ্যমিকে এ পর্যন্ত ৭০ শতাংশ বইয়ের কাজ শেষ হয়েছে। ছয় কোটি বইয়ের কাজ এখনো শেষ হয়নি বলে জানাচ্ছেন এনসিটিবির কর্মকর্তারা। তবে প্রাথমিক ও ইবতেদায়ির সব বই পৌঁছে গেছে। এই দুই জায়গায় সব শিক্ষার্থীরাই বছরের প্রথম দিনই বই পাবে।

সূত্র বলছে, মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের পুনঃদরপত্র আহ্বান করা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে। সক্ষমতার অতিরিক্ত কাজ নেওয়ায় কিছু প্রতিষ্ঠান এখনো তাদের সব বইয়ের কাজ শেষ করতে পারেনি।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব বইয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করার কথা জানিয়েছে এনসিটিবি। ফলে এবার কেন্দ্রীয়ভাবে কোনো বই উৎসব হচ্ছে না। শিক্ষার্থীরা স্কুলে এলে তাদের হাতে বই তুলে দেওয়া হবে।

তবে নতুন বছর শুরু হওয়ার আগেই ২০২৬ শিক্ষাবর্ষের সব স্তরের পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ (পিডিএফ) উন্মুক্ত করেছে এনসিটিবি। গত রবিবার (২৮ ডিসেম্বর) শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এনসিটিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এনসিটিবির ওয়েবসাইটে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ব্রেইল পদ্ধতি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে। প্রয়োজনে যা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী গণমাধ্যমে বলেন, ‘প্রাথমিক ও ইবতেদায়ির শতভাগ বইয়ের কাজ বেশ আগেই শেষ হয়েছে।’

তিনি বলেন, ‘মাধ্যমিকে যেহেতু ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই মুদ্রণে পুনঃদরপত্র হয়েছে, তাই আমরা চেষ্টা করেছি ষষ্ঠ ও নবম-দশম শ্রেণির বইয়ের কাজ আগে শেষ করতে। ফলে সপ্তম ও অষ্টম শ্রেণির কিছু বইয়ের কাজ বাকি আছে।

জনাব পাটওয়ারী বলেন, ‘আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব বইয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছি।’