বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশের যে কোনো মানুষ নিরাপদ থাকুক এটাই তার চাওয়া। সব বিশৃঙ্খলা পরিহার করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ হলে কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো। দেশের জন্য ‘পরিকল্পনা’ আছে জানিয়ে তিনি তার বক্তব্যে বারবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তিনি তুলে ধরেছেন।’
তিনি বলেন, “যেকোনো মূল্যে উসকানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই। ১৫ বছর অনেক মানুষ গুম হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে।’ উল্লেখ করে তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ‘সব বয়স, পেশা এবং ধর্মের মানুষ যেন নিরাপদে থাকে।’
মার্কিন অধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের কথা ‘আই হ্যাভ আ ড্রিমের’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে’। বক্তব্যের শেষে তিনি আবার বলেন, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’।
তারেক রহমান তার বক্তব্যে বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহী বিপ্লব, ’৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যেন মানুষ নিরাপদে থাকতে পারে, যেন যেকোনো শ্রেণি, পেশা, ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারে। সবাই মিলে করবো কাজ, গড়বো মোদের বাংলাদেশ” স্লোগান দিয়ে ভাষণ শেষ করেন তিনি।
যেকোন মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান তিনি। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে রওনা দেন তারেক রহমান।



