আন্তর্জাতিক ডেস্ক
ধাতব-জৈব কাঠামো (মেটাল অরগানিক ফ্রেমওয়ার্ক) উদ্ভাবনের জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যে জন্ম নেওয়া রিচার্ড রবসন ও মার্কিন-জর্ডানীয় বিজ্ঞানী ওমর এম ইয়াগি।
নোবেল জুরি বোর্ড বলছে, ‘এই কাঠামোগুলো মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ কিংবা রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করতে ব্যবহার করা যেতে পারে।’
নোবেল কমিটির চেয়ারম্যান হাইনার লিংকে বলেন, ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কের সম্ভাবনা অপরিসীম। এটি এমন উপাদান তৈরির সুযোগ দিয়েছে যা আগে কল্পনাও করা যায়নি।’
গত বছর রসায়নে নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার ও জন জাম্পার এবং ব্রিটিশ ডেমিস হাসাবিস, প্রোটিনের গঠন কোড উন্মোচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য।
আগামী বৃহস্পতিবার প্রদান করা হবে সাহিত্যে নোবেল পুরস্কার এবং শুক্রবার শান্তিতে। ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কারের আসর শেষ হবে।



