নিজস্ব প্রতিবেদক
সদ্য সমাপ্ত এবছরের দুর্গাপূজায় বাংলাদেশে ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানো হয়েছিল। এ ঘটনার মাধ্যমে “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা” দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির “পাঁয়তারা” করেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ওই “চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে” বলেও মন্তব্য করেন তিনি।
ভারতে বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং বাংলাদেশে অসুরের মুখে দাড়ি একই সূত্রে গাঁথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী একটি দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয় ভাবে উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে, তার সঙ্গে অসুরের মুখে দাড়ি বসিয়ে দেওয়ার কাজটি যোগসূত্রতা দেখা যাচ্ছে।”
একইভাবে পার্বত্য চট্টগ্রামকেও অশান্ত করার চেষ্টার বিষয়টি মনে করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, “যে ধর্ষণের ঘটনাটি এত তুলকালাম কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে তার কোনো আলামতই পাওয়া যায়নি”।
এসব বিষয় নিয়ে সরকার ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।



