আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়াকে ‘বেআইনি’ বলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত চার মাস ধরে যেভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে অনেক ভারতীয় নাগরিককে, সেই ‘পুশ-আউট’এর ক্ষেত্রে এই নির্দেশ একটা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।
কলকাতা হাইকোর্ট রায়ে উল্লেখ করেছে যে বিদেশি আইন অনুযায়ী একজন সন্দেহভাজন বিদেশির ওপরেই তার নাগরিকত্বের প্রমাণ দাখিল করার দায় বর্তায়।
আদালত বলেছে, “তবে আইনের ওই ধারা প্রশাসনকে এই ক্ষমতা দেয় নি, যে কাউকে বেছে নিয়ে তার বাড়ির দরজায় কড়া নেড়ে বলতে পারবে যে আপনি বিদেশি। প্রাথমিকভাবে কর্তৃপক্ষের কাছে কিছু প্রমাণ বা তথ্য থাকতে হবে, যার ভিত্তিতে একজনকে সন্দেহ করা যেতে পারে যে তিনি বিদেশি, ভারতীয় নন।”
পুরো রায়ে আদালত মন্তব্য করেছে যে দিল্লি পুলিশের অতি উৎসাহ, অতি দ্রুততার সঙ্গে সিদ্ধান্তে পৌঁছিয়ে যাওয়া যে সোনালি খাতুন সহ ছয়জন ভারতীয় নন, দুদিনের মধ্যে তাদের প্রত্যর্পণ করে দেওয়া এবং থানায় চাপ দিয়ে জবানবন্দি আদায় করা সহ একাধিক নেতিবাচক মন্তব্য করেছে।
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলছেন যে ভিন রাজ্যে যেসব মানুষ কাজ করতে যান, তাদের সুরক্ষা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের এই রায় এক ‘মাইলফলক’।
তার কথায়, “সীমান্তবর্তী এলাকার শ্রমিকরা যখন ভিন রাজ্যে কাজে যান, তাদের একটা আতঙ্ক থাকে যে তাদের হয়তো বাংলাদেশি বলে পুশ-আউট করে দেবে। এই মাইলফলক রায়ে তাদের আতঙ্ক কিছুটা কমবে, কারণ হাইকোর্ট স্পষ্ট করেই বলেছে যে আইন বহির্ভূত ভাবে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া যাবে না। বিভিন্ন রাজ্যের পুলিশ ও কর্মকর্তাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল।”



