নিজস্ব প্রতিবেদক
‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।’
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার সময় এ কথা বলেন পুলিশে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এ সময় তিনি আরো বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটকের প্রস্তাব দিয়েছিল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই’ তবে সেই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন বলে জবানবন্দি দিয়েছেন পুলিশে সাবেক এই কর্মকর্তা।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি এই মামলায় দোষ স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হয়েছেন। আজ এই মামলার ৩৬তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তিনি।



