― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে ‘কৌতুহলে’ রাখলেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা আজ বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার বিকেলে সোয়া চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদীয় আসন পুনর্নির্ধারণ বিষয়ে শেষদিনের শুনানি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব।

নির্বাচনের কর্মপরিকল্পনা কবে প্রকাশ হবে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আগামীকালকে আমি আপনাদের আরো কিছু তথ্য দেওয়ার সুযোগ পাব এবং আরো ভালো কিছু আরো আরো বাড়তি কিছু তথ্য দিবো, সে পর্যন্ত একটু অপেক্ষা করেন।”

আগামীকাল রোডম্যাপ প্রকাশ হবে কিনা জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপনে রাখলাম কি? আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো।”

গত সপ্তাহে এই কর্মপরিকল্পনা প্রকাশ করার কথা, কেন দেরি হলো জানতে চাইলে ইসি সচিব বলেন, “এটা আমারই অক্ষমতা। আমাকে স্বীকার করতে হবে। কেননা আমি ঢাকার বাইরে থাকার কারণে হয়তো একটু পিছিয়ে গেছি।”

তিনি বলেন, “এটা করেছে, সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামী কাল পর্যন্ত একটু অপেক্ষা করেন না, একটা দিনে জন্য খুব বেশি কি আটকাবে। আমি তো বলেছি আগামীকাল আপনাদের আরো অনেক কিছু বলার সুযোগ পাব। সেই পর্যন্ত একটু আমাকে, আচ্ছা কৌতুহলটা থাকুক না।”

এদিকে গত রোববার সংসদীয় সীমানা পুর্ননির্ধারন শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের প্রতিনিধিদের মধ্যে হাতাহাতির ঘটনাকে দু:খজনক অভিহিত করে, এটি না হওয়াই বাঞ্চনীয় বলে মন্তব্য করেছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। 

এই ঘটনার প্রেক্ষিতে ইসি কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ”এটার সাথে সরাসরি নির্বাচন কমিশনের সম্পর্কিত না। আপনি যদি বাইরে ধাক্কাধাক্কি করেন কোন একটা কারণে, সেখানে তো সংস্থার সাথে দায় নেই।” 

ইসি সচিব বলেন, “আমরা এ ব্যাপারে পুলিশের কাছে একটা সাধারণ ডায়রি করেছি, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি। পুলিশকে বলেছি যে—আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। আমার মনে হয় যে এই পর্যন্তই আমার বলার উচিত।” 

গত ২৪ আগস্ট রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার দুটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানির আয়োজন করে ইসি। শুনানি চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রুমিন ফারহানা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সভাপতি খালেদ মাহবুব হোসেন শ্যামলের কর্মী-সমর্থকদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। শুনানিতে অংশ নিতে আসা এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহও এ সময় বিএনপি কর্মীদের হাতে মারধরের শিকার হন। 

এই ঘটনা নিয়ে আখতার আহমেদ বলেন, ”এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন—যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে। জীবনে এটা একটা পার্ট। কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল। এবং এটা আমাদের জন্য, সবার জন্য একটা দুঃখজনক ঘটনা।”

সংসদীয় সীমানা পুনঃনির্ধারণে চার দিনের শুনানিতে ৩৩ জেলার ৮৪টি সংসদীয় আসনের আপত্তি ও সুপারিশের সংখ্যা ১৮৯৩ বলে জানান ইসি সচিব। তিনি বলেন, “মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব শিগগির আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব।”

এর আগে আজ দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই একদিনের মধ্যে রোডম্যাপ প্রকাশ করা হবে।