― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শিক্ষক-শিক্ষার্থীরা পাঠের চেয়ে মাঠে সরব

নিজস্ব প্রতিবেদক
প্রায় প্রতিদিনই নানান দাবি নিয়ে রাজপথে নামছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু শিক্ষার্থীরাই নয়, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষকরাও বেতন-ভাতা বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছেন। ফলে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। শিক্ষাঙ্গনে যেন একটা অস্থিরতা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন।

এদিকে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর এবার স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নেমেছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবকাঠামো নির্মাণের দাবিতে প্রায়ই রাস্তায় নামছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা দাবিতে আন্দোলনের মাঠে রয়েছে আরো অর্ধডজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন

অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ (বুয়েট) একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আবার বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর সারা বাংলাদেশে প্রতিটি এমপিওভুক্ত স্কুল, মাদরাসা কারিগরি প্রতিষ্ঠান অর্ধদিবস কর্মবিরতি এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

সংশ্লিষ্টরা বলছেন, ভালো চলছে না শিক্ষা প্রশাসন, মাঠ পর্যায়ে মনিটরিং হচ্ছে না। এ অবস্থায় যে যার মতো করে চলছে। তুচ্ছ ঘটনায় প্রতিদিনই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামছেন। তার সাথে আছে শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, ‘এর আগেও আমরা সরকারকে একটি সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সে সময় পার হলেও আমাদের দাবিদাওয়া পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ জন্য আমরা আগামী ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছি।’

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি বলেন, ‘আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছি। মন্ত্রণালয় বলেছে, ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

তিনি বলেন, ‘একই সঙ্গে আমাদের চিকিৎসাভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করা হবে বলে জানিয়েছে। আমরা দাবি আদায়ে সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাব।’

গত সোমবার (২৫ আগস্ট) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধূরী বলেন, ‘আমাদের এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু মনে হচ্ছে শিক্ষাটা অগ্রাধিকার থেকে ছুটে গেছে। শিক্ষায় আমরা শুধু পুনর্গঠন চাইছি না, রূপান্তর চাইছি। রূপান্তর শুধু বই ছাপালেই বা শিক্ষাক্রম পরিবর্তন করলে আসবে না। শিক্ষার্থীদের নীতিমান মানুষ তৈরি করতে হবে। শিক্ষার্থীকে পরীক্ষার্থী বানিয়ে নয়, শিক্ষার্থীকে মানুষ করতে হবে।’