নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজের একটি ওয়াকিটকি বার্তা ফাঁক করার অভিযোগে অমি দাশ নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে অমি দাশকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
হাসিব আজিজ চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার ও অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। অমি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত ছিলেন। কনস্টেবল অমি দাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম।
জানা যায়, গত ১১ আগস্ট রাতে নগরীর সল্টগোলা ক্রসিং এলকায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল একটি বের করে। খবর পেয়ে সেখানে বন্দর থানার পুলিশ যায়। এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ। এ ঘটনার পরের দিন সিএমপির সব সদস্যের উদ্দেশে ওয়াকিটকিতে কমিশনার হাসিব আজিজ জরুরী বার্তা দেন।
এতে তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, প্যাট্রোল পার্টি, ডিবির টিমসহ সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া এবং লাইভ অ্যামুনিশন ছাড়া কোন পার্টি বের হবেনা। সবাই প্রাধিকার অনুযায়ী অস্ত্র, গোলাবারুদ ও স্যুট পরে তারপর ডিউটিতে যাবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করলে, আই রিপিট, সেটা ধারালো অস্ত্র হোক বা আগ্নেয়াস্ত্র-অস্ত্র বের করা মাত্র গুলি হবে। এতে কোনো সন্দেহ নেই, সবাইকে বলছি। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দন্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সব পুলিশ অফিসারের আছে। অস্ত্র কিংবা কোপ দেওয়ার আগেই গুলি হবে। সরকারি গুলিশ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’
ওয়াকিটকিতে দেওয়া এই নির্দেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়ে পুলিশ। কে এই ভিডিও করেছে এবং তা ফাঁস করেছে এ নিয়ে তদন্তে নেমে অমি দাশকে গ্রেপ্তার করা হয়।



