ডেস্ক রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায়ও হামলা হয়েছে। এর আগে সিলেটে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের অনুসারীরা এ মিছিল বের করেন।
বুধবার (২ এপ্রিল) নগরের ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিলটি বের করা হয়। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ৪ জনকে আটক করেছে।
ছাত্রলীগের মিছিলের ঘটনার পর সন্ধ্যায় শফিউল আলম চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, বুধবার সকালে নগরের ধোপাদীঘিরপাড় এলাকা থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে।
ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগান দিতেও শোনা যায়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়। পরে এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে।
এ ব্যাপারে সিলেটের মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তাদের শনাক্ত করার চেষ্টা করছি।’ তিনি বলেন, ইতোমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে।



