ডেস্ক রিপোর্টঃ রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক যুবকের আকস্মিক হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাত আনুমানিক পৌনে দুইটার দিকে থানার ডিউটি অফিসারের কক্ষে এই হামলার ঘটনা ঘটে।
আহত কর্মকর্তারা হলেন—ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এবং এএসআই (সশস্ত্র) মো. নাসির। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক আব্দুর রাজ্জাক ফাহিম থানায় এসে দাবি করেন যে, ওই এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটেছে।
ওসি নজরুল ইসলাম জানান, থানায় এসে যুবকটি হত্যার ঘটনার কথা বললেও স্থানীয়রা বা থানার অন্য কেউ এমন কোনো ঘটনার তথ্য জানতেন না। এরপর তার পরিচয় জানতে চাইলে তিনি অনীহা প্রকাশ করেন। তাকে সরিয়ে নিতে গেলে তিনি আচমকা ওসিকে কিল-ঘুষি মারতে থাকেন।
এ সময় এএসআই নাসির বাধা দিতে গেলে তার একটি আঙুল ভেঙে যায় এবং সেকেন্ড অফিসার শরিফুল ইসলামের কপালে আঘাত লাগে। পরে পুলিশ ওই যুবককে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায়, থানার বাইরে তার সঙ্গে আরও তিনজন ছিলেন, যাদের পরবর্তীতে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তারা জানান, গাজীপুর থেকে রাতে ঘুরতে বেরিয়েছিলেন।
আহত পুলিশ কর্মকর্তারা চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে যান। এএসআই নাসিরের হাত এক্স-রে করে দেখা গেছে তার আঙুল ভেঙে গেছে। পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম
বিএম/সজীব



