নিজস্ব প্রতিবেদক: ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৫ মার্চ) দুপুরে বনানীর হোটেল শেরাটনে জাহাজ শিল্পের এক সেমিনারে অংশ নেয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা বিচার চায়… এমন লোক বাংলাদেশে কে আছে আমার জানা নেই। বিচারিক প্রক্রিয়া তো এটা একটা আইনি প্রক্রিয়া… সেটা তো চলতেই থাকবে… তাই না।
বিচারিক প্রক্রিয়া হচ্ছে যে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়া চলেছে, চলবে। সেটাতে শেখ হাসিনার শাস্তি তখন হবে, তারপরেও হবে। তার(শেখ হাসিনা) অনেকগুলো মামলা আছে… এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার একটার সমাধান হতেই থাকবে।
কিন্তু এই বিচারিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের সাথে কোনো সম্পর্ক নাই, এই বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনেরও কোনো সম্পর্ক নাই।”
আমির খসরু বলেন, ‘‘ আজকে এটার হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য হবে না… এরকম কত কথাই তো শুনতেছি।”
‘’এই সমস্ত কথা-বার্তা বলে নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই… এটা পরিস্কার কথা।
আজকে একটা, কালকে একটা আমরা বক্তব্য রাখবো এসব বলে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই।”
এর আগে বনানীর হোটেল শেরাটনে বলরুমে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের(বিএসবিআরএ) উদ্যোগে ‘বাংলাদেশে শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিপ রিসাইক্লিং শিল্প সার্কুলার অর্থনীতির একটি ক্লাসিক উদাহরণ। এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
বিএসবিআরএ‘র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকুর সভাপতিত্বে ও ইয়াসমীন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, উপ-রাষ্ট্রদূত খিজস উউস্ট্রা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লুম, জাইকার শিপ রিসাইক্লিং উপদেষ্টা ওকামোটো আকিরা, বিএসবিআরএ‘র উপদেষ্টা পরিষদের সদস্য শওকত আলী চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম শ্রমিক দলের এএম নাজিম উদ্দিন বক্তব্য রাখেন



