ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্যের কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পরিবারের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক’-এর লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। নিয়মিত চিকিৎসকরা বাসায় গিয়ে তাঁকে দেখছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে চিকিৎসকরা অনুমতি দিলে ঈদুল ফিতরের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। হাসপাতালে ভর্তি থাকার পর এখন তিনি পরিবারের সঙ্গে বাসায় সময় কাটাচ্ছেন।
চিকিৎসক ও বিএনপি নেতারা জানিয়েছেন, মানসিকভাবে ভালো থাকায় তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। পরিবার ও নাতনিদের সান্নিধ্যে সময় কাটানোয় তিনি স্বস্তিতে আছেন। মাঝেমধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।
দেশের মতোই নিয়মিত ওষুধ ও চিকিৎসা সেবার মাধ্যমে লিভার, কিডনি, ডায়াবেটিস, রক্তচাপ, আর্থরাইটিস ও হৃদরোগ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। চিকিৎসকেরা আপাতত লিভার প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা দেখছেন না। তবে শারীরিক পরীক্ষার জন্য আবারও হাসপাতালে যেতে হতে পারে বলে জানা গেছে।
বিএম/সজীব



