বিশেষ প্রতিনিধি : বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় জমি বিক্রি সংক্রান্ত বিরোধ নিয়ে মো: সুরুজ গাজী নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে আরও একজন আহত হয়েছেন।
রোববার (২ মার্চ) রাত আটটার দিকে নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।
নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি ৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।
আর আহত নয়ন গাজী (৩২) কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।
নিহত ও আহতের স্বজন এবং এলাকাবাসী অভিযোগ করে বলেন, হাউজিং এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল নেতা সুরুজ গাজীর জমি বিক্রিসংক্রান্ত বিরোধ চলছিল।
এ নিয়ে রোববার সন্ধ্যার পর তাঁদের তর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে শাহীন হাওলাদারের নেতৃত্বে তাঁর ছেলে ইমনসহ কয়েকজন এসে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে মারাত্মক জখম করেন বলে অভিযোগ।
এ সময় সুরুজকে রক্ষায় নয়ন হাওলাদার নামের অপর এক যুবক এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।
আহত নয়ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন দেন । পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, তুচ্ছ ঘটনার জেরে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে।
এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।
যাঁরা জড়িত, তাঁদের সুনির্দিষ্ট নাম পেলে গ্রেপ্তার করা হবে।

বিএম/জ/রা



