ক্রীড়া ডেস্ক : বারবার প্রতিশ্রুতি দিয়েও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি নতুন মালিকানার এই ফ্র্যাঞ্চাইজিটি।
দিনভর অপেক্ষার পর বিকেলে দেশে ফেরার টিকিট পেয়েছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তবে বকেয়া রয়ে গেছে।
অন্যরা আংশিক পেলেও ওয়েস্ট ইন্ডিজের মার্ক দয়াল নাকি কানাকড়িও পাননি! প্রাপ্তির আশায় স্থানীয় ক্রিকেটাররা হোটেলে অপেক্ষায় ছিলেন। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি বিধায় হোটেল ছেড়ে ঘরে ফিরে যান তাঁরা।
এ ব্যাপারে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব নাজমুল আবেদিন ফাহিম বলেন, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টি নিয়ে কথা বলেছেন। একটু ধৈর্য ধরুন।
তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে কোনো লাভ হয়নি খেলোয়াড়দের। উল্টো খবর ছড়িয়ে পড়ে, প্রায় সাত লাখ টাকা বাকি রাখায় ক্রিকেটারদের কিটব্যাগ আটকে রেখেছে দলটিকে বহনকারী বাস। পরে জানা যায়, কিটব্যাগ নিয়েই বাসায় ফিরেছেন ক্রিকেটাররা।
দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান মিডিয়া তো বটেই, বোর্ডকেও নাকি এড়িয়ে চলছেন। তবে দলটির মিডিয়া বিভাগ থেকে সন্ধ্যায় বার্তা পাঠিয়ে জানানো হয় যে বিদেশি কোচিং স্টাফ ও ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট দেওয়া হয়েছে।
বিএম/জ/রা



