ডেস্ক রিপোর্টঃ উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে টানা পাঁচ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা, উত্তরের হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় পুরো জেলা বিপর্যস্ত। শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতের কারণে দিনাজপুরসহ আশপাশের এলাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কুয়াশার কারণে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ কাজ না পেয়ে দিশেহারা। ইটভাটা শ্রমিক, দিনমজুর ও ট্রাকচালকদের কাজ ব্যাহত হচ্ছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা। জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, বায়ুমণ্ডলের উপরিভাগে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে সূর্যের দেখা মিলছে না। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
জনজীবনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে শীতার্তদের জন্য পর্যাপ্ত সহায়তার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
বিএম/সজীব



