― Advertisement ―

৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

ডেস্ক রিপোর্টঃ দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। এর আওতায় প্রথম দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৯০ ফিলিস্তিনি বন্দি, যাদের সবাই নারী ও শিশু। সোমবার (২০ জানুয়ারি) বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে, হামাস রেড ক্রসের মাধ্যমে তিন ইসরায়েলি নারী বন্দিকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। এর প্রতিদানে ইসরায়েল প্রতিটি বন্দির মুক্তির বিপরীতে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি রাজনীতিবিদ খালিদা জারার। অধিকৃত পশ্চিম তীরে পিএফএলপির নেতা এই নারী ইসরায়েলি দখলদারিত্ব নিয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য বহুবার গ্রেপ্তার হয়েছিলেন।

এছাড়া মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে এমন শিশুরাও, যারা ইসরায়েলি সেনাদের দিকে পাথর নিক্ষেপের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ ছিল।

ফিলিস্তিনি বন্দি সংক্রান্ত সংগঠনগুলো জানিয়েছে, বর্তমানে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দি। তবে গাজায় সাম্প্রতিক আগ্রাসনের সময় ঠিক কতজনকে আটক করা হয়েছে, তার নির্দিষ্ট তথ্য জানা যায়নি।

বিএম/সজীব