ডেস্ক রিপোর্ট: সিলেটে একদিনের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। আসরে এই দলই কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী। আসরের পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে রংপুর। বরিশাল চার ম্যাচে জিতেছে তিনটি।
হাইভোল্টেজ ম্যাচটির টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নামতে হচ্ছে তামিম ইকবালের বরিশালকে। বেলা দেড়টায় মাঠে গড়ায় ম্যাচটি। সরাসরি দেখা যাচ্ছে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে রংপুর। ওপেনিংয়ে একটানা ব্যর্থ হওয়া আজিজুল হক তামিমকে বাদ দিয়েছে তারা। পরিবর্তে তৌফিক খান তুষারকে দলে নিয়েছে তারা। তামিমের বরিশালের একাদশে পরিবর্তন নেই।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম এবং জাহানদাদ খান।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম রাব্বি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস ও আকিফ জাভেদ।



