আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম অস্ট্রেলিয়া (ডব্লিউএ) উপকূলে বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন শিনহুয়া ও রয়টার্স।
পশ্চিম অস্ট্রেলিয়ার প্রশাসনিক প্রধান রজার কুক ও পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার রাতে নৌপুলিশ বিমানের ধ্বংসাবশেষ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়।
নিহতের মধ্যে দুই পর্যটক সুইস ও ডেনমার্কের নাগরিক। সুইস নারীর বয়স ৬৫ বছর এবং ডেনমার্কের পুরুষ পর্যটকের বয়স ৬০ বছর। আরেকজন ৩৪ বছর বয়সী পাইলট।
বিমানটিতে ছয় পর্যটক ও একজন পাইলট ছিলেন। বাকি চারজনকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
রজার কুক বলেন, প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে একটি পাহাড়ে আঘাত করেছিল।
সূত্র: শিনহুয়া ও রয়টার্স।
বিএম/জ/রা



