ডেস্ক রিপোর্টঃ ২০০৯ সালের পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, কমিশন গঠনের সিদ্ধান্তে রোববার প্রধান উপদেষ্টার সই হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশ পাঠানো হয়েছে।
এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি জানান, অসুস্থ ছাড়া অন্য কোনো রোহিঙ্গাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যদিও পররাষ্ট্র উপদেষ্টার দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ হিসেবে উল্লেখ করেন তিনি।
এছাড়াও মুক্তিযোদ্ধাদের হেনস্তাকারীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।
বিএম/সজীব
আরও পড়ুনঃ
‘বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন একটি তদন্ত প্রয়োজন’
বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা



