বরিশাল মেইল ডেস্কঃ
কোটা সংস্কার আন্দোলনের আরো দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে। নিরাপত্তা ও আন্দোলন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তাদের হেফাজতে নেয়া হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তাজনিত কারণে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।



