― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

শেবাচিম হাসপাতালে ২৪ ঘন্টায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল মেইল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৮৮ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৩৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনশি গ্রামের আইয়ুব আলী (৭৫) ও বরগুনার পাথরঘাটা উপজেলার শাহজালাল (৪৫) শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৮৮ ডেঙ্গুরোগীর মধ্যে ১২ জন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৬ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৯৩ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৩ জন, পটুয়াখালীতে ৬ জন, ভোলায় ৫ জন, পিরোজপুরে ১৩ জন, বরগুনায় ২০ জন ও ঝালকাঠিতে ৩ জন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৬ হাজার ৩৮৫ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৮ জন।

এদিকে চলতি বছর গোটা বিভাগে ৪৪ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৩৪ জন, পিরোজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় দুইজন, পটুয়াখালীতে ১ জন ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।