― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার এক যুগ পর মামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলার এক যুগ পর মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সদর উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বদরপুর বাজারে দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে শিয়ালী বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা চালায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন ইটবাড়িয়া ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সভাপতি এস এম আব্দুর রব হাওলাদার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহন সিকদার, যুবদলের সদস্য দেলোয়ার হোসেন ও শফিক টেইলার।

এ ঘটনায় প্রায় এক যুগ পর বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মুক্তা মিয়াকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৩০-৪০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী মেহেদী হাসান জীবন বলেন, “২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে মুক্তা মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করে। হামলায় আমার বাবা গুরুতর আহত হন এবং তখন তার চিকিৎসাও আমরা ঠিকভাবে করতে পারিনি। সেই সময় ফ্যাসিস্ট সরকারের শাসন চলছিল, যেখানে বিচার পাওয়া তো দূরের কথা। তবে ২৪-এর ছাত্র জনতার আন্দোলন এবং ৫ আগস্ট এই সরকার বিতাড়িত হওয়ার পর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমি মামলা করেছি।”

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৩ সালে ঘটে যাওয়া হামলার ঘটনায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং আসামীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য থানা পুলিশ কাজ করছে।”