― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দুর্ঘটনা নয়, সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা: বিদ্যুৎ উপদেষ্টা

বরিশাল মেইল ডেস্ক ::

বিদ্যুৎ কর্মী মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এটি দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা। এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীতে সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিদ্যুৎ কর্মীকে ঢাকা মেডিকেল হাসপাতালে বার্ন ইউনিটে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ঢামেক যাওয়ার পূর্বে তিনি মানিকনগরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কেন এ দুর্ঘটনা ঘটলো তার কারণ দ্রুত উদঘাটনের জন্য নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, লাইনে কাজ করা অবস্থায় কেন লাইন চালু করা হলো এ ব্যাপারে দায়িত্বশীল প্রত্যেককের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর দায় ডিপিডিসি, কোম্পানি ও ঠিকাদারি প্রতিষ্ঠান এড়াতে পারে না। এই অবহেলার জন্য একজন মানুষ মারা গিয়েছে এবং দুজন মানুষ গুরুতর আহত হয়েছে।

উপদেষ্টা বলেন, আমরা ক্ষমতা নেইনি, আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এটাকে আগের সরকারের মতো ভাবলে হবে না।

তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশনা প্রদান করেন। আহতদের জন্য কেবিন প্রদান ও ডিপিডিসির পক্ষ থেকে হাসপাতালে সার্বক্ষণিক লোক নিয়োগের নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি, নিহত এবং আহতদের স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আহতদের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে বলে জানান তিনি।

তিনি বলেন, মানুষের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিহত ও আহতদের পরিবার ও তাদের ওপর নির্ভরশীলদের সর্বাত্মক সহযোগিতা করবে। উপদেষ্টা তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতকে ২ লাখ ও আহতকে এক লাখ টাকা প্রদানের নির্দেশনা দেন।

উল্লেখ্য, রাজধানীতে সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মী নিহত ও দুইজন আহত হয়েছেন। গত সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকনগর এলাকায় উচ্চচাপ (এইচটি ক্যাবল) বিদ্যুৎ লাইনের তার পরিবর্তনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বিদ্যুৎ লাইন কর্মী (ফোরম্যান) মো. নবীর হোসেন। আহতরা হলেন, মাসুম মিয়া ও রবিউল ইসলাম। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিদ্যুৎ লাইনকর্মী (ফোরম্যান) মো. নবীর হোসেন ডিপিডিসির মানিকনগর ডিভিশনের বাৎসরিক ঠিকাদার ‘মেসার্স মুন পাওয়ার ইঞ্জিনিয়ারিং’ কোম্পানিতে কর্মরত ছিলেন।

উপদেষ্টার সঙ্গে এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ডিপিডিসি ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।