বরিশাল মেইল ডেস্ক
ইপিএল তারকা হামজা চৌধুরীকে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে দেখার স্বপ্ন সত্যি হতে আর বেশি দেরি নেই। বাংলাদেশ জাতীয় দলে লিস্টার সিটি তারকার অন্তর্ভুক্তির বিষয়টা এখন পুরোটাই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ওপর। হামজা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করা হয়েছিল অনাপত্তিপত্রের জন্য।
সেটা পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এফএ’র ছাড়পত্র পেয়েই বাফুফে ফিফার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য চিঠি দিয়েছে। ফিফার বিশেষায়িত কমিটি বিষয়টি খতিয়ে দেখে অনুমোদন দিলেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলাতে আর কোনো বাধা থাকবে না।
শেষ কয়েক বছর ধরেই হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলানোর বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ২৬ বছর বয়সী হামজা নিজেও আগ্রহ দেখিয়েছেন জাতীয় দলে খেলতে। ২০০৫ সালে মাত্র সাত বছর বয়সে লিস্টার সিটি ইয়ুথ অ্যাকাডেমিতে ফুটবলে হাতেখড়ি হামজার। এরপর জুনিয়র ও বি দল এবং ধারে বার্টন আলবিয়ন ক্লাবে বড় একটা সময় খেলার পর ২০১৭ সালে লিস্টার সিটির সিনিয়র দলে অভিষেক হয়।
২০১৮ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এর পর থেকেই স্বপ্ন দেখছিলেন ইংল্যান্ড জাতীয় দলে খেলার। তবে সময় যত গড়িয়েছে সেই স্বপ্ন ধূসর হতে থাকে। একটা সময় আশা ছেড়ে দেন বাংলাদেশি মা ও গ্রানাডিয়ান বাবার সন্তান হামজা। তবে তখন থেকেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখা শুরু। সেই স্বপ্ন এখন সত্য হওয়ার পথে।
হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘হামজার ব্যাপারে আমরা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছি, যেটা নিয়ে আমরা খানিকটা শঙ্কায় ছিলাম। তিন সপ্তাহ পর সিদ্ধান্তটা এসেছে।’
হামজার বাংলাদেশি পাসপোর্টের কপি ও এফএ অনাপত্তিপত্র সংযুক্ত করে এর মধ্যেই ফিফার কাছে আবেদন করেছে বাফুফে।
ইমরান বলেন, ‘এফএ’র এনওসি পেয়ে ফিফার কাছে আমরা আবেদন করেছি চূড়ান্ত অনুমোদনের জন্য। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির পরবর্তী সভায় বিষয়টি উঠবে। ফিফা অনুমোদন করলে হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।’
অনুমোদন পেয়ে গেলে বাফুফে আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতেই হামজার অভিষেক করাতে চাইছে। ইমরান বলেন, ‘অক্টোবরের উইন্ডোতে ম্যাচ খেলাটা আমাদের কঠিন। কারণ তখন ঘরোয়া মৌসুম শুরু হয়ে যাবে। তাই নভেম্বরের উইন্ডোতে খেলব আমরা। সেখানেই আশা করছি হামজাকে অভিষেকের সুযোগ করে দিতে পারব। নভেম্বরে ইচ্ছে আছে দেশে দুটি ম্যাচ আয়োজন করার। তবে নেপালে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট হতে পারে। সেখানেও খেলার সম্ভাবনা রয়েছে।’
যদি তাই হয়, হামজা হতে যাচ্ছেন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত খেলা প্রবাসী ফুটবলারদের মধ্যে সবচেয়ে আলোচিত ও বড় তারকা।



