― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

প্রধানমন্ত্রীর প্রতিনিধির হস্তক্ষেপে সমাধানের পথে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পদোন্নতির দাবিতে দীর্ঘদিনের চলমান অচলাবস্থা নিরসনে অবশেষে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান। উদ্ভূত পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বৈঠকের মাঝপথেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনদের তলব করা হয় এবং তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

দীর্ঘ আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ডিনরা নীতিগতভাবে একমত পোষণ করেছেন। তবে যেহেতু আন্দোলনটি সাধারণ শিক্ষকদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল, তাই এককভাবে কোনো ঘোষণা না দিয়ে আগামী রবি বা সোমবারের মধ্যে সাধারণ সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তাঁরা। জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল ইসলাম জানিয়েছেন, বিভাগীয় কমিশনার ও উপাচার্য তাঁদের দাবিগুলো আইন অনুযায়ী পূরণের আশ্বাস দিয়েছেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত ক্লাসে ফেরার অনুরোধ করেছেন।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল জানান, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা শিক্ষকদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন। শুধু শিক্ষক নন, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির জন্য দ্রুত বোর্ড বসানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই বৈঠকে। প্রশাসনের এই ইতিবাচক মনোভাবে শিক্ষকরা আশ্বস্ত হলেও আন্দোলনের পরবর্তী কর্মসূচি বা ক্লাসে ফেরার আনুষ্ঠানিক ঘোষণাটি সকল শিক্ষকের মতামতের ভিত্তিতেই আসবে বলে তিনি উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম তাঁর বক্তব্যে জানান, বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে ডিনদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিক্ষকদের প্রাপ্য সুবিধা প্রদানে প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত যাচাই-বাছাই করে শীঘ্রই সিন্ডিকেট সভা ডাকার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা যেন আর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শিক্ষকরা ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে দ্রুত শ্রেণিকক্ষে ফিরে আসবেন। রবিবারের মধ্যেই এই সংকটের একটি চূড়ান্ত এবং সম্মানজনক সমাধান আসবে বলে বিশ্ববিদ্যালয় পরিবার প্রত্যাশা করছে।