― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

কুমিল্লায় জলাবদ্ধ হলে পরীক্ষা: প্রশাসককে প্রধানমন্ত্রীর সরাসরি ফোন ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লার শতবর্ষী ঈশ্বর পাঠশালা (উচ্চবিদ্যালয়) কেন্দ্রে জলাবদ্ধতার মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভারী বৃষ্টির ফলে পরীক্ষার হলে পানি ঢুকে পড়লে শিক্ষার্থীরা বেঞ্চে পা তুলে কিংবা পানিতে পা রেখেই ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। গণমাধ্যমে এই অমানবিক দৃশ্য প্রকাশিত হওয়ার পর বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। প্রধানমন্ত্রী অবিলম্বে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসককে ফোন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং জলাবদ্ধতা নিরসনের নির্দেশ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই বুধবার (২৯ এপ্রিল) ঈশ্বর পাঠশালা পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু)। তিনি বিদ্যালয়ের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে জলাবদ্ধতার কারণ খতিয়ে দেখেন। প্রশাসক জানান, নগরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম গুইংগাঝুরি খালসহ বিভিন্ন খালে ময়লা জমে থাকায় পানি চলাচলে বাধা সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রীর ফোনের পর জরুরি ভিত্তিতে সারারাত কাজ করে খালের ময়লা অপসারণ করা হয়েছে, যার ফলে বুধবার সকালের বৃষ্টিতেও নতুন করে কোনো জলাবদ্ধতা তৈরি হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বছরই বৃষ্টির সময় এমন সংকটের সৃষ্টি হয়। বিশেষ করে পুরোনো একতলা টিনশেড ভবনটি নিচু হওয়ায় দ্রুত পানি জমে যায়। এবার এই কেন্দ্রে ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যাদের মধ্যে ২১৬ জন ওই প্লাবিত কক্ষে বসে পরীক্ষা দিয়েছে। তবে আগামী বৃহস্পতিবারের পরীক্ষাগুলো আর ওই পুরোনো ভবনে নেওয়া হবে না; শিক্ষার্থীদের পাশের একটি ছয়তলা ভবনের নিরাপদ কক্ষে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এখানে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের জলাবদ্ধতা নিরসনে গুইংগাঝুরি খাল, সুলতানপুর খাল ও রেইসকোর্স খাল পরিষ্কারের কাজ বর্তমানে চলমান রয়েছে। প্রশাসক ইউসুফ মোল্লা আশ্বস্ত করেছেন যে, প্রতিটি নালা ও খাল পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও তদারকির ফলে প্রশাসনের এই দ্রুত তৎপরতাকে স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন।