বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে আলোচনায় উঠেছে নতুন একটি নাম। সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মোশাররফ হোসেন মঙুর কন্যা অধ্যাপক ডা. জাহানারা লাইজু জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। চিকিৎসক ও শিক্ষাবিদ পরিচয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি দলীয় কর্মকাণ্ডেও সক্রিয় ডা. লাইজু। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদিকা (মহিলা বিষয়ক) এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি। এছাড়া তিনি মুলাদী উপজেলা বিএনপির সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ফাউন্ডেশন সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ডা. জাহানারা লাইজুর পিতা মোশাররফ হোসেন মঙু বরিশাল-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও জাসাসের রাজনীতিতে সম্পৃক্ত হন। তার স্বামী অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা শিশু হাসপাতালের সাবেক উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা. লাইজু জানান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং জাসাসের শিল্পী হিসেবে আন্দোলন-সংগ্রামে গান পরিবেশন করেন। সাম্প্রতিক গণআন্দোলনের সময়ও আহতদের চিকিৎসাসেবা প্রদান করেছেন বলে উল্লেখ করেন তিনি। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে আহত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বলেও তার দাবি।
শিক্ষাজীবনে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর ফার্মাকোলজিতে এমফিল সম্পন্ন করেন। চিকিৎসা পেশার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তার পদচারণা ছিল। একসময় তিনি বাংলাদেশ টেলিভিশন-এর তালিকাভুক্ত শিল্পী ছিলেন এবং রবীন্দ্রসংগীতে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেন।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে ডা. জাহানারা লাইজু বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা। একজন চিকিৎসক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতায় তিনি দেখেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় সংকট হলো মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবার অভাব। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যকর প্রাইমারি হেলথকেয়ার নিশ্চিত করা গেলে জেলা ও কেন্দ্রীয় হাসপাতালের ওপর চাপ অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করেন তিনি।
তার অগ্রাধিকার তালিকায় রয়েছে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি ও পুষ্টিসেবা জোরদার করা। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সংসদে যাওয়ার সুযোগ পেলে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা, দরিদ্রবান্ধব চিকিৎসানীতি প্রণয়ন এবং নারীদের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন বলে জানান ডা. লাইজু।
উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। দলীয় সূত্রে জানা গেছে, আসন বণ্টনে বিএনপি সর্বাধিক ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে পারে বলে আলোচনা রয়েছে। এ প্রেক্ষাপটে বরিশাল-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ডা. জাহানারা লাইজুর নাম স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।



