― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নীতিনির্ধারণী পর্যায়ে দুর্বল হচ্ছে ব্যবসায়ীদের কণ্ঠস্বর; আমলা নয়, এফবিসিসিআই-এ দক্ষ ব্যবসায়ী প্রশাসক নিয়োগের দাবি

দেশের বেসরকারি খাতের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (FBCCI) বর্তমানে এক গভীর প্রশাসনিক শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সংগঠনটিতে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। প্রায় ১৮ মাস ধরে আমলাতান্ত্রিক প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়ায় জাতীয় অর্থনীতি ও বিনিয়োগে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে নীতিনির্ধারণী পর্যায়ে ব্যবসায়ীদের অবস্থান দুর্বল হয়ে পড়ায় নতুন বিনিয়োগকারীরাও এখন দ্বিধাগ্রস্ত। দেশের চার কোটি ব্যবসায়ীর প্রতিনিধিত্বকারী এই প্রতিষ্ঠানটি সরকারের রাজস্বের বড় যোগানদাতা হলেও বর্তমানে কার্যকর নেতৃত্বের অভাবে সরকারের সঙ্গে এর দূরত্ব বাড়ছে।

এফবিসিসিআই-এর কয়েকজন নেতা দাবি করেন, আমলা দিয়ে দীর্ঘ সময় বাণিজ্যিক সংগঠন চালানো অবাস্তব। বাজেট প্রণয়ন বা আমদানি-রপ্তানি নীতি নির্ধারণে ব্যবসায়ীদের সরাসরি সম্পৃক্ততা অপরিহার্য। ব্যবসায়ী নেতাদের মতে, বর্তমান প্রশাসক আব্দুর রহিম খানের মেয়াদ আগামী ২ মার্চ শেষ হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কোনো আমলা নয়, বরং ব্যবসায়ীদের মধ্য থেকেই অভিজ্ঞ কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া জরুরি। তারা মনে করেন, এ পদের জন্য বিজিএমইএ-র সাবেক সভাপতি ও চাকসু-র সাবেক ভিপি এস এম ফজলুল হক সবচেয়ে যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এফবিসিসিআই-এর বলিষ্ঠ নেতৃত্ব সময়ের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং দ্রুত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এফবিসিসিআই-এর সূত্রগুলো দাবি করে, এস এম ফজলুল হকের মতো একজন অভিজ্ঞ নেতা সরকারের সঙ্গে আলোচনা করে সুদহার কমানো, বন্দর সমস্যার সমাধান এবং জ্বালানি সংকট নিরসনে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি আদায়ে জোরালো ভূমিকা রাখতে পারবেন।

ব্যবসায়ী মহলের প্রত্যাশা, সরকার দ্রুততম সময়ের মধ্যে একজন দক্ষ ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে এফবিসিসিআই-এর স্থবিরতা দূর করবে। ব্যবসায়ীদের ধারণা, এস এম ফজলুল হকের হাত ধরেই দ্রুত নির্বাচন সম্পন্ন হবে এবং নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। এতে বিনিয়োগের অনুকূল পরিবেশ যেমন সৃষ্টি হবে, তেমনি অর্থনীতিতেও গতির সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।