― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

নায়িকা নিঝুম ও তাঁর স্বামীর বিরুদ্ধে সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

বন্ধুত্ব ও আস্থার সুযোগ নিয়ে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া এবং উল্টো প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুমকে। সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের এক মামলায় নিঝুম ও তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূলসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন। সমন দেওয়ার পরেও আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, সুরভী বেগম নামের এক নারীর সঙ্গে নিঝুম দম্পতির দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। সেই আস্থার খাতিরেই ২০২০ সালে ব্যবসায়িক প্রয়োজনে তিন দফায় সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার নেন তাঁরা। কথা ছিল দুই মাসের মধ্যে সেই টাকা ফেরত দেবেন। এমনকি টাকা ফেরতের নিশ্চয়তা হিসেবে পরিবারের অন্য সদস্যদের নামও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে বছর গড়ালেও সুরভী তাঁর পাওনা টাকা বুঝে পাননি।

বিপত্তি বাড়ে যখন পাওনাদার সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি চিকিৎসার জন্য নিজের গচ্ছিত টাকা ফেরত চান। গত বছরের মে মাসে টাকা ফেরত চাইলে নিঝুম ও তাঁর স্বামী সরাসরি অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, গত সেপ্টেম্বরে সুরভী তাঁদের বনশ্রীর বাসায় গিয়ে পাওনা টাকা চাইলে তাঁকে টাকা দেওয়া তো দূরের কথা, উল্টো ‘প্রাণে মেরে ফেলার’ হুমকি দেওয়া হয়। অসহায় হয়ে গত ২৯ জানুয়ারি আদালতের দ্বারস্থ হন সুরভী বেগম।

আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব জানিয়েছেন, আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নির্ধারিত দিনে আদালতে অনুপস্থিত ছিলেন, যা তাঁদের অপরাধের মাত্রাকে আরও জোরালো করেছে। শোবিজ জগতের একজন পরিচিত মুখ হয়েও এমন অর্থ কেলেঙ্কারিতে জড়ানো নিঝুমের ক্যারিয়ারের ওপর এক বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বর্তমানে নিঝুম ও তাঁর স্বামীসহ অভিযুক্তদের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ।